আফগানিস্তানের বড় জয়ে বাংলাদেশ বাঁচলো

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০২:০১ এএম

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে আফগানিস্তান। এই ফলাফলের ফলে টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল খেলার আশা এখনও বেঁচে রয়েছে।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৯৪ রানের বড় পুঁজি পায় আফগানিস্তান। দলের পক্ষে সেদিকুল্লাহ আতাল ১১০ বলে ১০২ রানের অনবদ্য সেঞ্চুরি করেন এবং ইব্রাহিম জাদরান খেলেন ৯৬ বলে ৯০ রানের দারুণ এক ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগান বোলারদের তোপে পড়ে শুরুতেই খাদের মুখে পড়ে জিম্বাবুয়ে। ফজলহক ফারুকি ও গাজানফারের বোলিংয়ের মুখে ৪৩ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা।

পরে অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল ইনিংস মেরামতের চেষ্টা করলেও রান তাড়ার চেয়ে ব্যবধান কমানোর দিকেই বেশি মনোযোগী ছিলেন। শেষ পর্যন্ত রশিদ খানের দুর্দান্ত স্পিন ঘূর্ণিতে (৮ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট) ধসে পড়ে জিম্বাবুয়ের ইনিংস। মাত্র ১৩৬ রানে অলআউট হয় সিকান্দার রাজার দল।

 

এই বড় হারের কারণে জিম্বাবুয়ের নেট রানরেট প্লাস থেকে নেমে মাইনাসে চলে গেছে (বর্তমানে -০.৫৯০)। ফলে ফাইনালে ওঠার সমীকরণ এখন পুরোপুরি নির্ভর করছে আগামী পরশু অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। সেই ম্যাচে আফগানিস্তান জয়ী হলে ফাইনালে চলে যাবে জিম্বাবুয়ে। আর বাংলাদেশ জয় পেলে রানরেটের হিসাব অনুযায়ী ফাইনাল নির্ধারণ হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত