নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত ছেলে উদ্দিন সরদার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তার ঝামেলা হতো। ঘটনার দিন সকালে টাকা না দিলে তিনি মাকে হত্যার হুমকি দেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে কাঁচি দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই সূর্যবানু মারা যান।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ি থেকে গ্রিল কেটে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত