মুক্তির আগেই নিষিদ্ধ আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

আগামী ২৩ অক্টোবর উপমহাদেশ জুড়ে মুক্তি পাচ্ছে বলিউড সিনেমা ‘উড়তা তীর’।  মুক্তির ঠিক আগে নেপালে ছবিটির প্রদর্শন নিয়ে জটিলতা দেখা দিয়েছে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত সিনেমাটির।  আপাতত নেপালে নিষিদ্ধ  ‘উড়তা তীর’। দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

জানা গেছে, নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনার পর নেপালের চলচ্চিত্র আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অডিও-ভিজ্যুয়াল ও সম্প্রচার বিভাগ ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়নি। দেশটির জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে বিষয়টি জানানো হয়েছে। তবে ছবির কোন দৃশ্য কিংবা বিষয়বস্তু নিয়ে আপত্তি উঠেছে, তা এখনো স্পষ্ট করেনি নেপাল কর্তৃপক্ষ। ফলে ঠিক কী কারণে ছবিটিকে সংশ্লিষ্ট আইনের পরিপন্থী মনে করা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সিনেমাটি নির্মিত হয়েছে করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত