আদিতমারীতে অবৈধ সার মজুদ ও পাচার

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

লালমনিরহাটের আদিতমারীতে অবৈধভাবে সার মজুদ ও পাচারের অভিযোগে অভিযান চালিয়ে ৭০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই ডিলারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা এবং এক পাচারকারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আদিতমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আজিজা বেগম। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সালাম নিরব উপস্থিত ছিলেন। 

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, পূর্ব দৈলজোড় এলাকার একটি মুদি দোকান থেকে ৫১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযান চলাকালে সার পাচারে জড়িত কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা দুলালকে পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে আটক করা হয়। পরবর্তীতে তাকে 'সার ব্যবস্থাপনা আইন, ২০০৬' অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে দুলালের দেওয়া তথ্যের ভিত্তিতে বিসিআইসি সার ডিলার ‘শফিকুল আলম ট্রেডার্স’ নামক ডিলার পয়েন্টে অনিয়ম মেলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে, টিপার বাজার এলাকায় ভ্যানগাড়িতে করে পাচারের সময় আরও ১৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘মনি ট্রেডার্স’ নামের বিএডিরর এক ডিলার পয়েন্টে সারের অবৈধ বিক্রয়ের সত্যতা পেয়ে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আজিজা বেগম জানান, দুই স্থান থেকে মোট ৭০ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। আটক সারের উৎসের সঙ্গে জড়িত এক পলাতক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সাপেক্ষে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত