রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়েছে। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার(২০ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে বিকেল ৪ টা থেকে রাত ১ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা কর হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম, রায়হানুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধিতে গত ৮ অক্টোবর থেকে ইলিশ নিধন ও সরবরাহে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য জেলা মৎস্য অফিস ও প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেল থেকে রাত ১ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া নদী থেকে ২৫ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় তিনটি নৌকা জব্দ করে নিলামে বিক্রি করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম, রায়হানুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশের প্রজনন সুরক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে রাজবাড়ী জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।