মেটার নতুন এআই মডেল আসছে

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:২২ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলের প্রতিযোগিতায় নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি ‘মিউজ ওয়ান্ডার’ ও ‘মিউজ ওয়ান্ডার ফুল’ নামে দুটি নতুন এআই মডেল উন্মোচন করেছে। মেটার দাবি, জটিল কাজ সম্পাদন, কোড লেখা এবং বিভিন্ন তথ্য মনে রাখার ক্ষেত্রে মডেল দুটি উন্নত সক্ষমতা দেখিয়েছে। পরীক্ষার ফল অনুযায়ী, কয়েকটি মানদ-ে এগুলোর পারফরম্যান্স জিপিটি-৬ অ্যাস্ট্রা ও ফেবল ৫.১-এর কাছাকাছি। 

মেটার প্রকাশিত মডেল কার্ড অনুযায়ী, বিভিন্ন মানদ-ে মিউজ ওয়ান্ডার ও মিউজ ওয়ান্ডার ফুলের ফলাফল ফেবল ৫.১ এবং জিপিটি-৬ অ্যাস্ট্রার সঙ্গে তুলনীয়। তবে এসব ফল মেটার নিজস্ব পরীক্ষার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। স্বাধীন পরীক্ষায় মডেলগুলোর সক্ষমতা কেমন হবে, তা যাচাই করা বাকি। নতুন মডেলগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো দীর্ঘ সময় ব্যবহারকারীর দেওয়া তথ্য মনে রাখা এবং সেগুলো একত্র করে কাজে লাগানো। মেটা এ সুবিধাকে বলছে ‘অ্যাকটিভ মেমোরি’ বা সক্রিয় স্মৃতিশক্তি। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ব্যবহারকারীর প্রয়োজন ও পছন্দ সম্পর্কে পাওয়া তথ্য কয়েক দিন, কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস পরও কাজে লাগাতে পারবে এমন এআই সহকারী তৈরি করা।

মেটার গবেষক কাভিয়া কোপারাপু জানান, মেমোরিবেঞ্চ পরীক্ষায় মিউজ ওয়ান্ডার ফেবল, ওপাস ও অ্যাস্ট্রার চেয়ে বেশি স্কোর করেছে। এ পরীক্ষায় দীর্ঘ সময় ধরে শেখা এবং তথ্য মনে রাখার সক্ষমতা যাচাই করা হয়।

মেটার নতুন মডেল দুটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রমিথিউস ডেটা সেন্টারে। গত বছরের আগস্টে মেটার এআই কার্যক্রম পুনর্গঠনের পর প্রতিষ্ঠানটির প্রথম বড় ধরনের উন্নত এআই মডেল প্রকাশের উদ্যোগ। এর মাধ্যমে উন্নত এআই মডেল তৈরির প্রতিযোগিতায় ওপেনএআই ও অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জোরদার করতে চায় মেটা।

সর্বশেষ সর্বাধিক পঠিত