ক্যারিয়ারসেরা লাফিয়েও সেলিমের ‘আফসোস’

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ এএম

‘যদি দীর্ঘমেয়াদি অনুশীলন করতে পারতাম, তাহলে আজ একটি পদক নিয়েই দেশে ফিরতে পারতাম’, এভাবেই আফসোসে পুড়েছেন নাগোয়াতে আসা বাংলাদেশের প্যারা অ্যাথলেট সেলিম রেজা। এটা শুধু সেলিম রেজারই নয়, পুরো বাংলাদেশের ক্রীড়াবিদদেরই একটি দীর্ঘশ্বাস। যার প্রতিফলন দেখা গেছে কদিন আগে শেষ হওয়া এশিয়ান গেমসেও।

এক পা ছোট, তবু স্বপ্নটা ছিল অনেক বড়। শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণের লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের প্যারা অ্যাথলেট সেলিম রেজা। জাপানের আইচি-নাগোয়ায় চলমান এশিয়ান প্যারা গেমসে হাইজাম্প টি৬৪ ইভেন্টে নিজের ক্যারিয়ারসেরা ১.৮৩ মিটার উচ্চতায় লাফিয়ে নতুন ব্যক্তিগত সাফল্য পেয়েছেন তিনি। কিন্তু এত ভালো পারফরম্যান্সের পরও পদক জেতা হলো না তার। অল্পের জন্য চতুর্থ হয়ে পদক হাতছাড়া হওয়ায় আক্ষেপ নিয়ে ফিরতে হচ্ছে এই অ্যাথলেটকে। এই ইভেন্টে ছয়জন অ্যাথলেট অংশ নেন।

হাইজাম্পের মঞ্চে সেলিমের লড়াইটা ছিল নিজের সামর্থ্যকে সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার। প্রতিযোগিতায় ১.৮৩ মিটার উচ্চতা অতিক্রম করে নিজের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স উপহার দেন তিনি। তবে পদক জয়ের জন্য এই উচ্চতা যথেষ্ট হয়নি। উজবেকিস্তানের গিয়াজভ ১.৮৬ মিটার উচ্চতায় লাফিয়ে ব্রোঞ্জপদক জিতে নেন। ফলে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করেও পদক ছাড়াই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের প্রতিনিধিকে। এই ইভেন্টে সোনার পদক জিতেছেন ভারতের প্রবীণ কুমার। তিনি অতিক্রম করেন ২.০৫ মিটার উচ্চতা। একই দেশের বান্টি ১.৯২ মিটার উচ্চতায় লাফিয়ে রৌপ্যপদক জেতেন। আর ১.৮৬ মিটার উচ্চতা পেরিয়ে ব্রোঞ্জ নিজের করে নেন উজবেকিস্তানের গিয়াজভ। পদকজয়ীদের পারফরম্যান্সের সঙ্গে ব্যবধান খুব বেশি না হলেও সেই ব্যবধানটুকুই সেলিমের জন্য হয়ে উঠেছে বড় আক্ষেপের কারণ।

নিজের সেরা পারফরম্যান্সের পরও পদক না পাওয়ার কষ্ট লুকাতে পারেননি সেলিম। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, ‘ভারত ও উজবেকিস্তানের পদকজয়ীদের সঙ্গে আলাপ করে জানতে পারলাম ওরা সারা বছরেই অনুশীলনে থাকে। সেই সুবিধাটা পেলে আমরও দেশের জন্য পদক জিতে আনতে পারব বলেই আমার বিশ্বাস।’ সেলিমের বিশ্বাস, আরও দীর্ঘ সময় অনুশীলনের সুযোগ পেলে পারফরম্যান্সে উন্নতি করে পদকের লড়াইয়ে আরও ভালো অবস্থানে পৌঁছানো সম্ভব হতো।

প্যারা অ্যাথলেটদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের পথটা সহজ নয়। নিয়মিত অনুশীলন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, উন্নত প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ, সবকিছুই পারফরম্যান্সের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেলিমের পারফরম্যান্স সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে। ব্যক্তিগত সেরা উচ্চতায় লাফিয়ে তিনি দেখিয়েছেন, সুযোগ পেলে আরও ভালো করার সামর্থ্য তার রয়েছে।

দলের কোচ আল আমিন বলেন, ‘পদক না পেলেও সেলিমের ক্যারিয়ারসেরা পারফরম্যান্স বাংলাদেশের প্যারা অ্যাথলেটিকসের জন্য ইতিবাচক দিক। তবে তার আক্ষেপও উপেক্ষা করার সুযোগ নেই। প্রতিভা ও পরিশ্রমের পাশাপাশি পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্যারা অ্যাথলেটদের পদক জয়ের সম্ভাবনা আরও বাড়তে পারে।’

সেলিমের এবারের অভিযান তাই একদিকে ব্যক্তিগত সাফল্যের গল্প, অন্যদিকে আরও ভালো প্রস্তুতি ও সুযোগের প্রত্যাশা। পদক অধরা থাকলেও তার লড়াই থেমে থাকার নয়। ক্যারিয়ারসেরা লাফের আত্মবিশ্বাস নিয়ে সামনে আরও বড় অর্জনের স্বপ্ন দেখতেই পারেন বাংলাদেশের এই প্যারা অ্যাথলেট। আজ ৪০০ মিটার স্প্রিন্টে দৌড়াবেন সেলিম রেজা।

সর্বশেষ সর্বাধিক পঠিত