নেত্রকোনার দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং নিহত সাংবাদিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বক্তারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
এতে বক্তব্য দেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক রইছ উদ্দিন, সাবেক সভাপতি তিলক রায় টুলু ও আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সুজিত কুমার দাস, মশিউর রহমান কাউসার, শেখ বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য কামাল উদ্দিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সেলিম আল রাজ, সাংবাদিক মোখলেছুর রহমান ও শামীম আনোয়ারসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের জন্য কল্যাণ তহবিল গঠন এবং কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।