ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষি ব্যাংকে ডাকাতিচেষ্টার ঘটনায় কাউসার আহম্মেদ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্যাংকটির সোহাগী বাজার শাখার সাধারণ কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের বাংলাদেশ কৃষি ব্যাংক সোহাগী বাজার শাখা থেকে তাকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।
গ্রেপ্তার কাউসার আহম্মেদ (২৪) উপজেলার বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম বলেন, বুধবার রাতে ব্যাংকের সব গেট বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় মূল ফটক ভেঙে কাউসার ভেতরে ঢুকে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গলায় চাকু ধরে নাইলনের রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়। পরে গামছা দিয়ে মুখও বেঁধে তাকে আটকে রাখা হয়।
তিনি বলেন, ‘এরপর ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করলে আমি বাঁধন খুলে দৌড়ে গিয়ে চিৎকার করি। এ সময় বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এসে কাউসারকে হাতেনাতে ধরে পুলিশে দেন।’
সোহাগী বাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হাসান বলেন, ‘রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানে এমন ঘটনা খুবই উদ্বেগজনক। গ্রেপ্তার ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, এ ঘটনায় কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দস্যুতা আইনে মামলা রুজু করে অন্যান্য আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে।