স্মার্ট হোম ডিসপ্লে আনল অ্যাপল

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ এএম

স্মার্ট হোম প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন ডিভাইস উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ‘হোম ভিউ’ নামের এই স্মার্ট হোম হাবের মাধ্যমে ঘরের বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। দেখতে অনেকটা আইপ্যাডের মতো হলেও এটি মূলত বাসাবাড়ির অটোমেশন ব্যবস্থাপনার জন্য তৈরি।

ডিভাইসটিতে রয়েছে স্পিকার বেইসের সঙ্গে যুক্ত সাত ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। ডেস্কে রাখা কিংবা দেয়ালে ঝুলিয়ে দুভাবেই এটি ব্যবহার করা যাবে। এতে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও নতুন সিরি এআই যুক্ত করা হয়েছে।

ব্যবহারকারীর চেহারা শনাক্ত করে হোম ভিউ স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিভেদে আলাদা ইন্টারফেস দেখাতে পারবে। ফলে পরিবারের সদস্যরা নিজেদের নোটিফিকেশন, ক্যালেন্ডার ও ব্যক্তিগত তথ্য সহজেই দেখতে পারবেন। এ ছাড়া ফেসটাইম কল, গান ও পডকাস্ট শোনা, ভিডিও দেখা এবং রান্নার রেসিপি অনুসরণের সুবিধাও থাকছে।

অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তার বিষয়টি মাথায় রেখেই ডিভাইসটি তৈরি করা হয়েছে। হোম ভিউয়ের টেবিলটপ ও দেয়ালে স্থাপনের সংস্করণের দাম ২৯৯ ডলার। সিলভার, স্টারলাইট, রোজ পিংক ও স্পেস গ্রে চারটি রঙে পাওয়া যাবে এটি। প্রাথমিকভাবে আটটি দেশে ইংরেজি ভাষায় ডিভাইসটি চালুর কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত