পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের’ আধা বেলা ডাকা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই দুই জেলায় এ অবরোধ চলবে। অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
রাঙামাটির জনপ্রিয় পর্যটন স্থান সাজেকে 'অবরোধকারীদের ওপর হামলা, লাঠিপেটা ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের' প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে এই অবরোধ ডাকা হয়।
সকালে খাগড়াছড়ির দক্ষিণ খবংপড়িয়া এলাকায় ভোর থেকে বিভিন্ন স্থানে পিকেটারদের টায়ার জ্বালাতে দেখা গেছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সরিয়ে ফেলে। তবে অবরোধের কারণে এখনো কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে অবরোধের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মোরতোজ আলী খাঁন জানান, অবরোধে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীকেও রাস্তায় টহল দিতে দেখা যাচ্ছে।
এদিকে রাঙামাটিতে সড়কের বিভিন্ন পয়েন্টে পিকেটাররা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করতে দেখা গেছে। এছাড়া বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে অবরোধকারীরা। এদিকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রয়েছে।
তবে অবরোধের কোনো প্রভাব পড়েনি রাঙামাটি শহরে। রাঙামাটি থেকে চট্টগ্রাম সব ধরণের যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে বিভিন্ন উপজেলাগামী লঞ্চ চলাচল। রাঙামাটি শহর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে নির্ধারিত বাসগুলো।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত রয়েছে।
অবরোধকারীদের অভিযোগ, এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) 'জনসংহতি সমিতির (সন্তু) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া'সহ বিভিন্ন দাবিতে সাজেকে ডাকা সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাঠ ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই ঘটনার প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে আজ খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় 'ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ' এ অবরোধ ডেকেছে।
এ সংগঠনের সভাপতি উষাতন চাকমা কর্মসূচি সফল করতে এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং খাগড়াছড়ি ও রাঙামাটির যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন।
সাজেকে সংঘাত: এবার রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ
সাজেকে দ্বিতীয় দফায় অবরোধ শুরু, যান চলাচল বন্ধ