রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র দল অপসারণসহ তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের চতুর্থ দিন চলছে। গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় এ অবরোধ শুরু হয়।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ আন্দোলন চলছে। অবরোধের সমর্থনে সড়কের কোথাও পিকেটারদের দেখা না গেলেও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবু ধন চাকমা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের দ্রুত এলাকা থেকে অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, সাজেক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুষ্কৃতকারী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় টহল ও অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে অবরোধের কারণে বন্ধ রয়েছে সাজেক পর্যটনকেন্দ্র। রাঙামাটি জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়।
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ শেষ, সাজেকে চলছে অনির্দিষ্টকাল
অবরোধে অচল খাগড়াছড়ি-রাঙামাটি