অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যু

চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল। তিনি বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম

রংপুর জেলার গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। রবিবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। তাদের বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।

চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল। তিনি বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, ভোরে সোহেলের বাড়ির সামনের মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় সোহেল চিৎকার করে জানান, তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে চোর সন্দেহে ওই ব্যক্তিদের পিছু নেন। তাদের আটক করতে না পেরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়।

এরপর স্থানীয় লোকজন বিভিন্ন দিক থেকে ধাওয়া করেন। তাদের দাবি, ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর চেষ্টা করলে চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন স্থানীয় লোকজন। এ সময় লোকজনের মারধরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত