কয়েকদিন পরেই (আগামী ৫ নভেম্বর) মুক্তি পাচ্ছে বলিউড তারকা রণবীর কাপুর অভিনীত বহুল প্রত্যাশিত সিনেমা ‘রামায়ণ’। এরইমধ্যে সিনেমটি অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলেছে। এমন আবহেই দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের একটি অনুষ্ঠানে রাবণের বিরুদ্ধে রামের জয়ের বার্তা দিয়ে সমালোচনায় পড়েছেন অভিনেতা। পরে বিষয়টি নিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে রণবীর বলেন, ‘মুখ ফসকে’ কথাটি বেরিয়ে এসেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুহূর্তের মধ্যে রণবীরের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, সমালোচনা-কটাক্ষে বিদ্ধ হন ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির প্রভাবশালী কাপুর পরিবারের এই সন্তান। কলকাতায় ওই অনুষ্ঠানে ‘রামায়ণ’ সিনেমার পাশাপাশি উৎসবের তাৎপর্য নিয়েও কথা বলছিলেন অভিনেতা। তার বক্তব্য ছিল, অশুভ শক্তি যতই ক্ষমতাশালী হোক না কেন, শেষ পর্যন্ত জয় হবে সত্য ও শুভ শক্তিরই। কিন্তু সেই বার্তা দিতে গিয়েই ঘটে বিপত্তি। রণবীর বলেন, ‘যতই শক্তিশালীই হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও শুভর অবসান হবে।’
চেন্নাইয়ে ‘রামায়ণ’-এর মিউজিক্যাল ইভেন্ট এবং সম্পূর্ণ অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানে বিষয়টি মুখ খোলেন এই বলিউড তারকা। তিনি বলেন, ‘একটি ঘটনার জন্য আমি ক্ষমা চাই। কথা বলতে গিয়ে আমার মুখ ফসকে ভুল কথা বেরিয়ে গিয়েছিল। আমি আসলে বলতে চেয়েছিলাম, ‘অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত জয় হবে সত্য ও শুভর’। অসাবধানতাবশত ভুল শব্দ ব্যবহার করে ফেলি।’ এর আগেও একটি মন্তব্য করে ক্ষমা চেয়েছিলেন রণবীর।
ক্ষমা চাইলেন রণবীর কাপুর
অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে ফাঁসলেন রণবীর কাপুর, ইডির তলব