পার্বতীপুরে প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় এলাকার সোনাপুকুর নয়া মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামের আজিজুল মাস্টারের বসতবাড়ির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামানের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। রবিবার দুপুরে রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এ সময় বিরোধ মীমাংসার জন্য ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়। একপর্যায়ে আসাদুজ্জামান ও তার সঙ্গে থাকা লোকজন ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন রায়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি পাশের ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত