বাবাকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত মাদকাসক্ত ছেলে পলাতক

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন নামের এক ছেলের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার সাঁইটালিয়া গ্রামে এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

নিহত আবদুস সামাদ (৬০) ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত আনোয়ার হোসেন (২৫) নিহতের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের মাদকে আসক্ত বলে জানা গেছে। 

নিহতের স্বজনরা জানায়, সারা রাত বাইরে থেকে ভোরে বাসায় ঢুকেন আনোয়ার হোসেন। ঘরে ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তার বাবা আবদুস সামাদ টের পেয়ে তাকে থামানোর চেষ্টা করেন। এক পর্যায় বাবার সঙ্গে টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। পরে দুজনে কথাকাটাকাটির এক ফাঁকে ছেলে আনোয়ার হাতের কাছে থাকা একটি লাঠি দিয়ে বাবাকে বেধরক মারধর করতে থাকে। এসময় অন্যরা তাকে বাঁধা দিয়ে ব্যর্থ হয়। পরে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবদুস সামাদ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর আনোয়ার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান বলে জানায় তারা।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পলাতক অভিযুক্তকে ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত