পাওয়ার গ্রিডের এমডি আবদুর রশিদ খান আর নেই

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

পাওয়ার গ্রিডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রশিদ খান মারা গেছেন। আজ সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

গত শনিবার হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবদুর রশিদ খানের মৃত্যুতে পাওয়ার গ্রিড পরিবার গভীর শোক প্রকাশ করেছে। তাঁর মৃত্যুতে বিদ্যুৎখাত একজন অভিজ্ঞ প্রকৌশলী ও দক্ষ সংগঠককে হারাল। কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন।

১৯৬৭ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুর রশিদ খান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯২ সালে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে ২০০০ সালের ৭ জুন পাওয়ার গ্রিডে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব পালনের পর তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত