ডাব চুরির অপবাদে কিশোরকে হত্যা, বিচারের লড়াইয়ে মা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

সন্তানকে ঘিরে কত স্বপ্নই না ছিল মা সুমাইয়া আক্তারের। যে ছেলেকে ঘিরে ছিল তার বেঁচে থাকার আনন্দ। সেই সন্তানই আজ নেই। ডাব চুরির অপবাদে মারধরের শিকার হয়ে ১৬ বছরের কিশোর স্বাধীন চলে গেছে না ফেরার দেশে। বুকভরা শোক নিয়ে দিন কাটছে তার। এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তার প্রশ্ন।

সোমবার (২৬ অক্টোবর) যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এসব দাবি জানান তিনি। ছেলের ওপর নির্যাতন ও মৃত্যুর ঘটনা বলতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তার কথায় উঠে আসে সন্তান হারানোর যন্ত্রণা, বিচার পাওয়ার আকুতি আর নিরাপত্তাহীনতার উদ্বেগ।

সুমাইয়া আক্তারের লিখিত বক্তব্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর ফুপার সঙ্গে পূজামণ্ডপ দেখতে বাড়ি থেকে বের হয়েছিল স্বাধীন। পথে ডাব চুরির অপবাদ দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি স্বাধীনকে বেধড়ক মারধর করেন। নির্যাতনের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা স্বাধীনকে উদ্ধার করে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু সেখানে উপস্থিত কয়েকজন নারী ও পুরুষ তাকে পরিবারের কাছে দিতে বাধা দেন।

পরে স্বাধীনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোরটি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। আমি কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করতে চাই না। যারা প্রকৃত অপরাধী, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হোক। তাদের বিচার চাই।

সর্বশেষ সর্বাধিক পঠিত