নাটোরের লালপুরে অনলাইন জুয়া পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের অভিযোগে পৃথক অভিযানে ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার সাদিপুর মধ্যপাড়া ও বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, সাদিপুর মধ্যপাড়ার ইমরান নাজির ওরফে জুয়েল (৩৩), সাদিপুর পশ্চিমপাড়ার সোহাগ মিয়া (৩০), পালিদেহা খাঁপাড়ার সোহেল মাহমুদ (৩৮), বালিতিতা ইসলামপুরের রাকিবুল ইসলাম ওরফে রকি (২৪), রামকৃষ্ণপুরের ফাহিম হোসেন (২৩) ও বৈদ্যনাথপুরের রাজন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, সাদিপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে তিনজনকে আটক করা হয়। অন্যদিকে, বালিতিতা ইসলামপুরে অভিযান চালিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।