নজরুল বর্ষের প্রতিযোগিতায় ঈশ্বরগঞ্জের চার শিক্ষার্থীর সাফল্য

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতচর্চাকে কেন্দ্র করে আয়োজিত নজরুল বর্ষের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চার শিক্ষার্থী। তাদের মধ্যে একজন বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। অন্য তিনজন জেলা পর্যায়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ‘ইউএনও ঈশ্বরগঞ্জ’ ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন। তার এ পোস্টে অনেকেই শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

বিভাগীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে আফসানা আক্তার মীম। সে ঈশ্বরগঞ্জের ইউনুছ খাদেজিয়া বালিকা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের ‘ক’ গ্রুপে কবিতা আবৃত্তিতে জেলা পর্যায়ে তৃতীয় হয়েছে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া নিসা।

নজরুলসংগীতে জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আইদাহ মুনতাকা ওয়ারিশা। একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ব্রততী দেবনাথ গল্প মাধ্যমিক পর্যায়ের ‘খ’ গ্রুপে একক নৃত্যে জেলা পর্যায়ে তৃতীয় হয়েছে।

চার শিক্ষার্থীর এ সাফল্যে আনন্দ ও অভিনন্দন জানিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

ইউএনও সানজিদা রহমান বলেন, ‘নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় ঈশ্বরগঞ্জের মেয়েদের এই অর্জন আমাদের জন্য আনন্দ ও গর্বের। তাদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা এগিয়ে যাক। এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করি।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমন অর্জন ধরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে তাদের পাশে থাকতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত