পাঁচ জেলা শহরের পুকুরের তালিকা চেয়েছেন হাইকোর্ট

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

দেশের পাঁচটি জেলায় রেকর্ড অনুসারে কতগুলো পুকুর রয়েছে, তার তালিকা চেয়েছে উচ্চ আদালত। জেলাগুলো হলো চট্টগ্রাম, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট। এ বিষয়ে আদালতে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই পাঁচ শহরে পুকুর অবৈধভাবে ভরাট ও অবৈধ দখল বন্ধে মনিটরিং টিম গঠন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, জলাধার সংরক্ষণ আইন ও পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন বিধান অনুসারে জলাশয় হিসেবে স্বীকৃত পুকুর দখল ও ভরাট বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তার ব্যাপারে নিয়ে গত আগস্টে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গতকাল রবিবার হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে।

তিনি বলেন, বগুড়া, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম শহরে রেকর্ডকৃত পুকুরগুলো রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, পুকুরগুলো কার্যকরভাবে সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না এবং জলাধার সংরক্ষণ আইনের ৬ ধারা অনুসরণপূর্বক যারা পুকুরের বৈশিষ্ট্য পরিবর্তন করেছেন, তারা ব্যতীত অন্য ক্ষেত্রে যারা দখল ও ভরাট করছেন, তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, এ মর্মে রুল দিয়েছেন হাইকোর্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত