রাজবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহত লিটন জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে রিকশায় করে শহরের কাপড় বাজারে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে দুইজন এসে তাঁকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। একপর্যায়ে রিকশা থেকে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় একটি গুলি তাঁর হাতে এসে লাগে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি হাসপাতালে যান।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এক্স-রে করে দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসের মধ্যে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গুলির ঘটনায় আহত ব্যক্তি সুস্থ আছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।