মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সেলফি বাসের চাকায় পিষ্ট হয়ে সুজাত (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে ঘাটের নতুন টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা সেলফি বাসের কাউন্টার বন্ধ করে দেয়।
নিহত সুজাত শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের মৃত সদরউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। পাশাপাশি মাঝে মাঝে সেলফি বাসে হেলপার হিসেবেও কাজ করতেন।
বরংগাইল হাইওয়ে থানার সার্জেন্ট সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাটের নতুন টার্মিনাল এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন সুজাত। এ সময় কাউন্টার থেকে ছেড়ে আসা সেলফি বাসে ওঠার চেষ্টা করলে তিনি পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার
জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্তর সেলফি বাস কাউন্টার বন্ধ রয়েছে।
বরংগাইল হাইওয়ে থানার সার্জেন্ট সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।