বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে দিবসটি উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে শহরের বকুলতলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল ইসলাম লিয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশনসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। এসব আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।