মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাসাইলে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠিবাড়ি ও নরিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মরহুম আব্দুল সাত্তার শিকদারের বাড়িতে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের উদ্যোগে গ্রামগঞ্জে লাঠিবাড়ি, নরিবাড়ি ও হাডুডুসহ হারিয়ে যেতে বসা দেশীয় খেলাগুলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে।
খেলা দেখতে দুপুর থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে বাড়ির উঠান দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খেলোয়াড়দের নৈপুণ্য, কৌশল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশনা দর্শকদের আনন্দিত করে। প্রতিটি আক্রমণ ও প্রতিরোধের মুহূর্তে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও দৌলতপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. শাহিনুর হোসেন শাহিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ নোমানী।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, সাবেক সহসভাপতি আব্দুল মতিন মাস্টার এবং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বাইরে তরুণদের মাঠমুখী করতে লাঠিবাড়ি, নরিবাড়ি ও সরদারবাড়ির মতো দেশীয় খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।