বাংলাদেশে প্রযুক্তিনির্ভর নগরী (টেক সিটি) গড়ে তুলতে জাপান আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা বিবেচনায় জাপানের পক্ষ থেকে আগ্রহ দেখানো হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে টেক সিটি প্রতিষ্ঠার বিষয়েও দেশটির আগ্রহ রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ প্রাধান্য পেয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়টিকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। বর্তমানে বিভিন্ন পক্ষ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন হুমায়ুন কবির। এ বিষয়ে ধারণা নিতে প্রধানমন্ত্রী জাপানে একটি এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে রেখেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করছেন। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেসব প্রতিষ্ঠান পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী।
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী