লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় প্রধান অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, রাত ৮টায় উত্তর তেমুহনী থেকে ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আহত জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। গ্রেপ্তার আব্দুর রহমান শাহেদ দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, একটি মোবাইল ফোন বেচাকেনা নিয়ে জুয়েল ও শাহেদের মধ্যে বিরোধ দেখা দেয়।
রোববার (২৫ অক্টোবর) রাতে মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের জেরে প্রথমে সাহাপুর এলাকায় জুয়েলের ওপর লাঠি দিয়ে হামলা চালানো হয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে জুয়েল চিকিৎসা নিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গেলে শাহেদের নেতৃত্বে একদল যুবক হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে আবারও তার ওপর হামলা চালায়।
তারা জুয়েলকে কাঠের চেয়ার, কিল, ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত জখম করে এবং হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর করে। জরুরি বিভাগের ভেতরে মারধরের এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
গুরুতর আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়ছে।
হাসপাতালের ভেতরে সহিংস আচরণের দায়ে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহেদকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সব কার্যক্রম থেকে অব্যাহতি (বহিষ্কার) দেওয়া হয়। একই রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৮ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মামলার প্রধান অভিযুক্ত শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।