যাত্রাবাড়ীতে কিশোরকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে দুর্বৃত্তের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসার গেট সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজের ভেতর এই ঘটনা ঘটে।

হাসপাতালে নিহত মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, মা সেলিনা বেগম ও স্ত্রী মিমকে নিয়ে ধলপুর সিটি পল্লীতে থাকত মারুফ। দয়াগঞ্জে অ্যালুমুনিয়াম পাতিল কারখানায় কাজ করত। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরে মারুফ। কিছুক্ষণ পর স্ত্রীকে জানিয়ে বাসার বাইরে যায়। এরপর তারা জানতে পারেন, ওয়াসা গেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। মারুফ গলার নিচে গুলিবিদ্ধ হয়েছে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দ্রুত মারুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্বজনরা দাবি করেন, এলাকার কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। কে বা কারা গুলি করেছে তা জানাতে পারেনি পরিবার।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, গুলির ঘটনা শুনে আমাদের টিম ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত