ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুনরায় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল মাদবর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকেলে হাসপাতাল প্রশাসন ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাদের বৈঠক হয়েছে। বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষকে দাবি পূরণের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।
হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের জন্য স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা চালুর দাবিতে মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু করেন মালিক সমিতির সদস্যরা। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলে। পরে ধর্মঘট সাত দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।