বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’-এর যাত্রা শুরু

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

রাজধানীতে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’ (ETHNC)। ঢাকার সেন্টারপয়েন্ট শপিং মলের দ্বিতীয় তলায় ৭ হাজার ৬৯৬ বর্গফুট আয়তনের স্টোরটি চালু করা হয়েছে। পাশাপাশি দেশের ক্রেতাদের জন্য অনলাইন কেনাকাটার সুবিধা চালু হয়েছে bd.ethnc.com ঠিকানায়।

স্বতন্ত্র প্রিন্ট, নান্দনিক নকশা ও সমসাময়িক ফ্যাশনধারার জন্য পরিচিত ব্র্যান্ডটি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে ফ্র্যাঞ্চাইজি অংশীদার রেনেসাঁ ডেকোর লিমিটেডের মাধ্যমে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঢাকার বাইরে আরও ক্রেতাদের কাছে ব্র্যান্ডটির পণ্য পৌঁছে দিতে ভবিষ্যতে দেশে অন্তত তিনটি নতুন স্টোর চালুর পরিকল্পনা রয়েছে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরাসরি বিক্রয়কেন্দ্র এবং অনলাইন শপিং সুবিধার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে অনলাইন কার্যক্রম রয়েছে এথনিকের। বাংলাদেশে কার্যক্রম শুরু করাকে আন্তর্জাতিক সম্প্রসারণের নতুন ধাপ হিসেবে দেখছে ব্র্যান্ডটি।

এথনিকের প্রধান বাণিজ্যিক ও বিপণন কর্মকর্তা (সিসিএমও) মুহাম্মদ উসমান বলেন, বাংলাদেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতি এবং ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের আগ্রহকে তাঁরা গুরুত্ব দেন। ঢাকায় ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা করছেন তাঁরা।

রেনেসাঁ ডেকোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহরীন আসাফ বলেন, এথনিককে বাংলাদেশে নিয়ে আসা তাঁদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। ব্র্যান্ডটির স্বতন্ত্র নকশা ও বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ দেশের ফ্যাশন বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে তাঁরা আশা করছেন।

বাংলাদেশে কার্যক্রম শুরুর উদ্যোগে সহযোগিতার জন্য সেন্টারপয়েন্ট মল ম্যানেজমেন্ট, ইউনাইটেড টার্মিনাল, ইউনাইটেড গ্রুপ, রেনেসাঁ ডেকোর লিমিটেড এবং সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এথনিক কর্তৃপক্ষ।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত