২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে নগরের টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

পরে মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কুমিল্লা মহানগরী জামায়াত নেতা নাছির আহমেদ মোল্লার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির।

সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। সেদিন প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি অব্যাহত থাকবে।

আব্দুস সাত্তার আরও বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে কেউ যেন বিচারের বাইরে থাকতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।

সমাবেশে নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধ করতে হবে।

মোজাম্মেল হোসেন আবির বলেন, ২৮ অক্টোবরের ঘটনা দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানো জরুরি। এ সময় তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত