নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ মো. সাইফুল ইসলাম ওরফে শাকের হোসেন (৩০) নামের এক কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ি থানার দেওটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ওই বাড়ির মুমিন উল্লাহ ও মমতাজ বেগমের ছেলে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত সাইফুলের কাচারি ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান মেলে। এ সময় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- বন্দুকের কাঠের ও লোহার বাট, বডির বিভিন্ন অংশ, লোহার ট্রিগার, বোল্ট, গ্রাইন্ডিং মেশিন, প্লাস, রেত এবং এসএস স্টিলের আটটি ছোট-বড় টুকরোসহ বিভিন্ন যন্ত্রাংশ।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।