বোলিংয়েও মিরপুর টেস্টের নিয়ন্ত্রণ হারাচ্ছে বাংলাদেশ 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

মিরপুর টেস্টের প্রথম দিনটা নিজেদের অনুকূলে রেখে চালকের আসনে বসেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনে এসে সেই স্বস্তি এখন রূপ নিচ্ছে চিন্তায়। প্রথম দিনে সাদমানের অবিস্মরণীয় সেঞ্চুরির ভিত এবং প্রথম সেশনের ধাক্কা সামলে গড়া স্বপ্নময় ইনিংসটি আজ দ্বিতীয় দিনের সকালে হুট করেই ব্যাটিং বিপর্যয়ে মুখ থুবড়ে পড়ে। সাদমান সেঞ্চুরি পেলেও ২৭২ রানে ইনিংস গুটিয়ে যাওয়ার পর ফিল্ডিংয়ে নেমেও খেই হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

উইন্ডিজ ওপেনারদের জীবনদান এবং ক্যারিবীয়দের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে যেন মিরপুরের উইকেটে ব্যাটে-বলে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাচ্ছে বাংলাদেশ। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই চা বিরতির ঘোষণা দেয় আম্পায়াররা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২৭ ওভারে ১ উইকেটে ৮৯ রান। এতে এখনো ১৮৩ রানে পিছিয়ে আছে তারা।

বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হয়ে যাওয়ার পর বল হাতে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শুরুর উইকেটের পর ফিল্ডিংয়ের ব্যর্থতা সেই সুযোগটাও হাতছাড়া করে দিয়েছে। ব্রেন্ডন কিংকে ব্যক্তিগত ১৫ রানে হাসান মাহমুদ ফিরিয়ে দিয়ে উইন্ডিজ শিবিরে প্রথম ধাক্কা দিলেও এরপর খেই হারায় স্বাগতিকরা। 

সফরকারীদের বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল ব্যক্তিগত ৫ ও ২২ রানে জীবন পাওয়ার পূর্ণ সুযোগ কাজে লাগিয়ে মিরপুরের উইকেটে ঝড় তোলেন। বাংলাদেশের ক্যাচ মিসের খেসারত আর তেজনারাইন চন্দরপলের সঙ্গে তার দৃঢ় জুটির সুবাদে শক্ত অবস্থানের দিকে এগোচ্ছে রস্টন চেজের দল। তাদের জুটির ফিফটির সঙ্গে ফিফটি তুলেছেন জোড়া জীবন পাওয়া ক্যাম্পবেল। ওয়ানডে মেজাজে খেলে ৬৫ বলে ৫৩ রান করে আছেন অপরাজিত। আর চন্দরপল ব্যাট করছেন ২১ রানে। 

এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে দলের ফিল্ডিং ও ইনজুরির ধাক্কায়। প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় ডান কনুইয়ে মারাত্মক আঘাত পাওয়ায় উইকেটকিপার লিটন দাস মাঠের বাইরে চলে গেছেন, তার জায়গায় বদলি হিসেবে স্টাম্পের পেছনে দায়িত্ব পালন করছেন জাকের আলী অনিক। 

প্রথম দিন শেষে মিরপুরের মন্থর উইকেটে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ম্যাচটা স্বাগতিকদের দখলেই ছিল। কিন্তু দ্বিতীয় দিনের সকালে সেই স্বস্তি টিকল কেবল মোটে দুই ওভার। দিনের প্রথম ওভারেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি পূর্ণ করলেও ঠিক পরের বলেই সাজঘরে ফেরেন সাদমান (১০৫)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রথম সেশনেই মাত্র ৫৯ রান যোগ করে ২৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত