কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার মামলার প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুস সালাম (৪৪) রংপুরের পীরগঞ্জের বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে চাকরিপ্রার্থীরা আবেদন করেন। পরে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে আনুমানিক ১০০ প্রার্থীকে নিয়ে ভুয়া নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। এরপর রাজশাহীতে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
একপর্যায়ে ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে একটি ভুয়া অফিস আদেশ প্রকাশ করা হয়। এভাবে চাকরি দেওয়ার কথা বলে চক্রটি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২৭ অক্টোবর আব্দুস সালামকে প্রধান আসামি করে প্রতারণার শিকার চাকরিপ্রার্থী রংপুরের পীরগঞ্জ উপজেলার পালুনাশাহাপুর গ্রামের ফরহাদুল ইসলাম মন্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন।
পরে গোপন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি বাসা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তারের পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবই ও চাকরি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রংপুর এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।