মৌলভীবাজারে গৃহবধূ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে। 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত গৃহবধূ শাবানা হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল জেলার শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল (স্কুলঘর) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধূ শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় নিহতের আপন ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৩ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেন। মামলায় মোট ২৫ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে ১৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন। দীর্ঘ শুনানির পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত শাবানার সৎ ভাই দুলাল মিয়া ও বিল্লাল মিয়া এবং চাচাতো ভাই গিয়াস মিয়া ও নাসির মিয়াকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। 

এছাড়া দণ্ডাদেশপ্রাপ্ত অপর দুই আসামির মধ্যে মহিবুর রহমান অমৃতের বিরুদ্ধে ৩২৬ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং ​জয়নাল মিয়ার বিরুদ্ধে ৩২৩ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার রায় প্রদান করা হয়েছে।

আদারতে বিচারকার্য চলাকালে বিভিন্ন সময়ে মারা যান মামলার তিন আসামি সুরুক মিয়া, রাজা মিয়া ও ফারুক মিয়া। তাদের মামলা থেকে অব্যাহতি এবং স্বাক্ষপ্রমাণে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়েছে ২ নম্বর ভুনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, আলী ইসলাম, হাসি বেগম ও নাজমুল ইসলামকে।

আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তুোষ প্রকাশ করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিন। 

তিনি বলেন, ‘মৌলভীবাজারের মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক সাহেব মামলা নম্বর ৪৪/১৭ (জিআর নম্বর ৯৬/১৬)-এর রায় ঘোষণা করেছেন। রায়ে দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাসির মিয়াকে দন্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। 

এছাড়া আসামি মহিবুর রহমান অমৃতের বিরুদ্ধে ৩২৬ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং ​জয়নাল মিয়ার বিরুদ্ধে ৩২৩ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার রায় প্রদান করা করেছেন। 

আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের অগ্রগতি ও আসামিদের সাজা হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত