মার্কিন দূতাবাসকর্মীদের একাংশকে সৌদি ছাড়ার নির্দেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন দূতাবাসকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ অক্টোবর) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট আই।  

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাঝুঁকির কারণে গত ২৩ অক্টোবর সৌদি আরবে অবস্থানরত জরুরি নয় এমন মার্কিন দূতাবাসকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশনা দিয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে দূতাবাস জানায়, 'ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এর মধ্যে বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার ঘটনাও রয়েছে, যার ফলে বেসামরিক মানুষের প্রাণহানি এবং যাতায়াতে গুরুতর বিঘ্ন ঘটেছে।'

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান শত্রুতামূলক পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকার বাইরেও বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মীদের এখন থেকে বিশেষ অনুমতি নিতে হবে বলেও জানিয়েছে দূতাবাস।

একই সঙ্গে সৌদি আরবে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দেশটিতে প্রবেশ বা দেশটি থেকে অন্যত্র যাওয়ার জন্য আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে 'চরম সতর্কতা' অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে মার্কিন নাগরিক ও সরকারি কর্মীদের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এই পদক্ষেপের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত