পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের যুগির হাওলা গ্রামের কাউনিয়া স্লুইসের খালে বাঁধ দেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও জেলেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী নীল গাজী, সোহেল গাজী, মনির গাজী ও অহিদুল গাজী খালটির একাংশ বন্দোবস্ত নেওয়ার দাবি করে সেখানে বাঁধ দিয়ে মাছের ঘের তৈরির চেষ্টা করছেন। খালের জমির মালিকানা দাবি করে গত তিন বছরে খালসংলগ্ন ঘেরমালিকদের কাছ থেকে বছরে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা জানান, গত বছর খালটিতে বাঁধ দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তা কেটে দেন। এবারও ওই ব্যক্তিরা বাঁধ দেওয়ার হুমকি দিচ্ছেন। গত দুই দিন ধরে জেলেদের ট্রলার সরিয়ে নিতে বলা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
স্থানীয়রা জানান, খালটির দুই পাশে প্রায় ৪০০ একর কৃষিজমি রয়েছে। জোয়ার-ভাটার পানি প্রবাহ, কৃষিজমির পানি নিষ্কাশন, জেলেদের ট্রলার নোঙর এবং মাছের ঘেরে পানি সরবরাহে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খালটি বন্ধ হয়ে গেলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে কৃষক, জেলে ও মৎস্যচাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণে খালটি উন্মুক্ত রেখে খননের দাবি জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন অহিদুল গাজী বলেন, খালটি রেকর্ডীয় সম্পত্তি, সরকারি খাসজমি নয়। ওই এলাকায় তাঁর ১৮ কানি জমিতে তরমুজ চাষের জন্য সাময়িকভাবে বাঁধ দেওয়া হবে এবং চাষ শেষে তা কেটে দেওয়া হবে। এ বিষয়ে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। ইউএনও সরেজমিনে পরিদর্শনে যাবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন, জোয়ার-ভাটার পানি প্রবাহ রয়েছে- এমন খালে বাঁধ দেওয়ার সুযোগ নেই। কেউ এ ধরনের চেষ্টা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।