ঢাকার মোহাম্মদপুরে আলফামার্টের ১২তম স্টোর চালু

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ১২তম স্টোর চালু করেছে আলফামার্ট বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ সারা দেশে ১০০টির বেশি স্টোর চালু করা হবে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা ও আশপাশের এলাকায় নতুন স্টোর সম্প্রসারণে গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।

নতুন স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওয়াতি, আলফামার্টের প্রতিষ্ঠাতা জোকো সুসান্তো, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং মিতসুবিশি করপোরেশনের রিটেইল অ্যান্ড ফুড বিজনেস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিভিশনাল সিওও সুরতা-সান।

এক জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার সুবিধা

আলফামার্টের স্টোরগুলোতে মুদি পণ্য, খাবার, স্ন্যাকস, পানীয়, ব্যক্তিগত পরিচর্যার পণ্য এবং গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। নিয়মিত অফার ও বিভিন্ন প্রমোশনের পাশাপাশি আলফাবাংলা লয়্যালটি প্রোগ্রামের আওতায় ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা ও পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে।

দ্রুত সেবা, সাশ্রয়ী দাম এবং সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাকে নিজেদের ব্যবসায়িক লক্ষ্যের অংশ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

ইন্দোনেশিয়া, জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগ

ইন্দোনেশিয়ায় যাত্রা শুরু করা আলফামার্ট বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচিত রিটেইল চেইনগুলোর একটি। ২০২৫ সালের ৭ অক্টোবর বাংলাদেশে ব্যবসা শুরুর ঘোষণা দেয় আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড। এরপর ২০২৬ সালের ২৭ জানুয়ারি ঢাকার গুলশান-২-এর ডেলভিস্তা টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রথম স্টোর চালু হয়। মোহাম্মদপুরে নতুন স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে আলফামার্টের স্টোরের সংখ্যা দাঁড়াল ১২টিতে।

বাংলাদেশে আলফামার্ট পরিচালিত হচ্ছে ইন্দোনেশিয়ার আলফামার্ট গ্রুপ, জাপানের মিতসুবিশি করপোরেশন এবং বাংলাদেশের কাজী ফার্মস গ্রুপের যৌথ উদ্যোগে। এই তিন প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের খুচরা বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে আলফামার্ট বাংলাদেশ।

সম্প্রসারণে কর্মসংস্থান ও স্থানীয় সরবরাহকারীদের সম্ভাবনা

২০২৭ সালের শেষ নাগাদ ১০০টির বেশি স্টোর চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সরবরাহকারীদের জন্যও নতুন বাজার সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, প্রযোজ্য নিয়ম অনুযায়ী ভ্যাট ও কর পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি সরকারি রাজস্বে অবদান রাখছে।

দেশজুড়ে স্টোরের সংখ্যা বাড়ানোর মাধ্যমে আরও বেশি ক্রেতার কাছে পৌঁছাতে চায় আলফামার্ট বাংলাদেশ। নতুন স্টোর সম্প্রসারণের মাধ্যমে ক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার সুবিধা বাড়ানো এবং বাংলাদেশের খুচরা বাজারে নিজেদের কার্যক্রম বিস্তৃত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত