ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় মিন্টুর ফের ৭ দিনের রিমান্ড আবেদন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও সাত দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে এ আবেদন জানানো হয়। তবে শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক শফিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যার পর মিন্টুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিয়ে যান। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আগামী রবিবার এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

শফিকুল ইসলাম জানান, গত ২৬ অক্টোবর রাতে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৭ অক্টোবর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার তাকে আবার আদালতে নেওয়া হয়।

এদিকে, শাকিল হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার সকালে আল আমিন ও আনিসুর রহমান নামে আরও দুজনকে আটক করেছে পুলিশ। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল। হেলমেট পরা কয়েকজন ব্যক্তি প্রথমে তাকে গুলি করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ঘটনাস্থল থেকে চলে যান।

গুরুতর আহত অবস্থায় শাকিলকে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তার মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত