এইচএসসিতে অকৃতকার্যের ৬৯ শতাংশই মানবিকের

১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জনের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম

এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সবচেয়ে খারাপ ফল করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে যত শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, তাদের প্রায় ৬৯ শতাংশই মানবিক বিভাগের।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিভাগভিত্তিক পরিসংখ্যানে এমন চিত্র উঠে এসেছে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা ২০০৪ সালের পর সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জনের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পেয়েছেন, যেখানে গত বছর পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।

শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলিয়ে মোট ৫ লাখ ৭ হাজার ২৮১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে মানবিক বিভাগেরই ৩ লাখ ৫১ হাজার ৪২৪ জন। অর্থাৎ, মোট অকৃতকার্য পরীক্ষার্থীর ৬৯ দশমিক ২৭ শতাংশ মানবিকের।

মানবিক বিভাগের ছাত্রদের ফল আরও খারাপ। এ বিভাগে ২ লাখ ৫৮ হাজার ৯৩২ ছাত্রের মধ্যে পাস করেছেন ৯০ হাজার ৬৬৪ জন। ছাত্রদের পাসের হার ৩৫ দশমিক ০১ শতাংশ। 

মানবিক বিভাগে ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ ছাত্রীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন। ছাত্রীদের পাসের হার ৪৭ দশমিক ৪৯ শতাংশ।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগ থেকে মোট ৬ লাখ ৭ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। শুধু এই বিভাগের শিক্ষার্থীদের হিসাব করলে পাসের হার ৪২ দশমিক ১৭ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৬৭ হাজার ১৬৬ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৮৪ হাজার ৮৬৪ জন। গড় পাসের হার ৫০ দশমিক ৭৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৯১ হাজার ৩৫৭ ছাত্রের মধ্যে পাস করেছে ৪১ হাজার ৯৬৮ জন। ছাত্রদের পাসের হার ৪৫ দশমিক ৯৪ শতাংশ। ৭৫ হাজার ৮০৯ ছাত্রীর মধ্যে পাস করেছে ৪২ হাজার ৮৯৬ জন। ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৫৮ শতাংশ।

এবার বিজ্ঞান ও গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ থেকে মোট ২ লাখ ৭৩ হাজার ৬২৯ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ২ লাখ ৭৪ জন। এই বিভাগে গড় পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ। বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩২ হাজার ৯০২ ছাত্রের মধ্যে পাস করেছে ৯৫ হাজার ১৫৭ জন। ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৬০ শতাংশ। ১ লাখ ৪০ হাজার ৭২৭ ছাত্রীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪ হাজার ৯১৭ জন। ছাত্রীদের পাসের হার ৭৪ দশমিক ৫৫ শতাংশ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত