ঘরের দরজায় ছিটকিনি দিয়ে পিকআপে ৫ গরু চুরি

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও গুরুদাসপুরের বিভিন্ন এলাকায় পিকআপে করে গরু ও মহিষ চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

নাটোরের গুরুদাসপুরে পরিবারের সদস্যদের ঘরে আটকে রেখে পিকআপে করে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আব্দুল জলিলের বাড়ি থেকে দুটি গাভি, একটি এঁড়ে গরু ও দুটি বকনা বাছুর চুরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩ টার দিকে ৬ থেকে ৭ জনের একটি দল পিকআপ নিয়ে আব্দুল জলিলের বাড়িতে আসে। প্রথমে তারা বাড়ির প্রতিটি ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। এরপর গোয়ালঘর থেকে গরুগুলো বের করে পিকআপে তুলে নিয়ে যায়।

পরে প্রতিবেশীরা এসে ঘরের ছিটকিনি খুলে দিলে পরিবারের সদস্যরা বাইরে বের হন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও গুরুদাসপুরের বিভিন্ন এলাকায় পিকআপে করে গরু ও মহিষ চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

তাদের ভাষ্য, গবাদিপশুর পাশাপাশি বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধের ঘটনাও মানুষের নিরাপত্তাবোধে প্রভাব ফেলছে। তবে এসব অভিযোগের সবকটির সঙ্গে একই চক্র জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রকৃত চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত