ইউআইইউতে স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতাবিষয়ক কর্মশালা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

স্তন ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসা-পরবর্তী জীবন সম্পর্কে সচেতনতা বাড়াতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেসের ফার্মেসি বিভাগের উদ্যোগে গতকাল ইউআইইউ ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জামান উম্মে হুমায়রা এবং ইউআইইউর ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. তাহমিনা ফয়েজ। এ ছাড়া উপস্থিত ছিলেন আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আমরা নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান বিপ্লব।

ডা. জামান উম্মে হুমায়রা তার বক্তব্যে স্তন ক্যানসারের সাধারণ লক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. তাহমিনা ফয়েজ ইউআইইউর ইনস্টিটিউট অব অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) অর্থায়নে পরিচালিত স্তন ক্যানসারবিষয়ক গবেষণা প্রকল্প নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এ ধরনের গবেষণা স্তন ক্যানসার সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানের প্রসার এবং ভবিষ্যতে গবেষণাভিত্তিক স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোগটি মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি গবেষণা, তথ্যভিত্তিক উদ্যোগ এবং চিকিৎসক ও গবেষকদের মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন।

কর্মশালায় স্তন ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠা একজন রোগী নিজের চিকিৎসাযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। রোগ শনাক্তের পর চিকিৎসার বিভিন্ন ধাপ, শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এ সময় চিকিৎসার পুরো প্রক্রিয়ায় মানসিক দৃঢ়তা ও পরিবারের সহযোগিতার গুরুত্ব উঠে আসে।

জাহিদুর রহমান বিপ্লব তার বক্তব্যে নারীর স্বাস্থ্য ও স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে তাঁদের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি আক্রান্ত ব্যক্তি, সুস্থ হয়ে ওঠা রোগী, স্বাস্থ্যসেবাকর্মী এবং সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্তন ক্যানসার নিয়ে প্রচলিত সামাজিক ভীতি, ভুল ধারণা ও সংকোচ দূর করাও এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, চিকিৎসক, গবেষক, স্তন ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠা রোগী এবং নারীর স্বাস্থ্য নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত