নির্বাচনী প্রচারে অংশ নেয়ার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অভিযুক্ত শিক্ষক রুহিয়া উপজেলার আরাজী দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

শনিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, নির্বাচন কমিশনের চিঠিতে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অবিলম্বে বিভাগীয় মামলা করে দ্রুত নিষ্পত্তি এবং গৃহীত ব্যবস্থা কমিশনকে জানাতে বলা হয়েছে।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়নে বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দেন জুলফিকার রহমান। এসব বক্তব্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি। পরে ভিডিওটি একটি অনলাইন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এবং নির্বাচন আইন অনুযায়ী সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কিংবা কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সুযোগ নেই। অথচ জুলফিকার রহমান প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিয়ে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. জুলফিকার রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি যথাযথ জবাব ট্রাইব্যুনালে জমা দিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত