ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বর্তমান স্পিকার লিকুদ পার্টির আমির ওহানাকে দ্রুত পদ থেকে সরানোর পরিকল্পনা হাতে নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী দলগুলো। আগামী মাসে নতুন নেসেটের শপথ গ্রহণের পরপরই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিরোধী ‘চেঞ্জ ব্লক’ (যেশার, বি’ইয়াহাদ, দ্য ডেমোক্র্যাটস এবং ইসরায়েল বেইতেনু) এবং আরব নেতৃত্বাধীন দলগুলোর (জয়েন্ট লিস্ট ও রাম) হাতে ১২০টি নেসেট আসনের মধ্যে মোট ৬৭টি আসন রয়েছে। এর ফলে সহজেই স্পিকার ওহানাকে অপসারণের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের হাতে। চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি জানিয়েছেন, ওহানাকে সরানোর বিষয়ে ইতিমধ্যে একটি চুক্তিসম্পন্ন হয়েছে এবং নতুন স্পিকার হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ইয়ায়র লাপিদের নামও বিবেচনায় রয়েছে।
দ্য ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ায়র গোলান চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২৬তম নেসেটের শপথ নেওয়ার পর তাদের ‘প্রথম কাজ’ হবে একজন নতুন স্পিকার এবং নেসেট কমিটির প্রধানদের নিয়োগ দেওয়া। এরপর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন গণহত্যার ঘটনায় একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন প্রতিষ্ঠা করা হবে। আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের শপথের দিনই স্পিকার পদের ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে।
কান নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, বিরোধী জোট দ্রুত ওহানাকে সরানোর পক্ষে থাকলেও ‘ইসরায়েল বেইতেনু’ দলের প্রধান আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়ে কিছুটা অনিচ্ছুক। তবে লিবারম্যান ভোটদানে বিরত থাকলেও বিরোধী দলগুলোর সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে। লিবারম্যান শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি আরব দলগুলোর সমর্থন নিয়ে কোনো জোটে যাবেন না। তবে ডেমোক্র্যাটস প্রধান ইয়ায়র গোলান বিশ্বাস করেন যে- আরব দলগুলোর তাদের সমর্থনে একটি স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব, যা ইসরায়েলের গণতন্ত্র ও নিরাপত্তা রক্ষায় কাজ করবে।