‘জ্ঞানেশ কুমারকে কারাগারে পাঠানো হবে’: রাহুল গান্ধী

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইভিএম ও ভোটার তালিকায় কারচুপির মাধ্যমে ভোট চুরির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে এবং একসময় তাঁকে কারাগারেও যেতে হবে। খবর এনডিটিভি। 

রবিবার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট 'ইন্ডিয়া'র  সমাবেশে এসব কথা বলেন রাহুল গান্ধী।

হিন্দিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'এই ভোট চুরি সাধারণ কোনো চুরি নয়। এটি ভারতের প্রতিটি মানুষের কণ্ঠস্বর চুরি। একে রাষ্ট্রদ্রোহ বলা হয়।' 

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে অবৈধ দাবি করে রাহুল বলেন, ইভিএম ও ভোটার তালিকায় কারচুপির মাধ্যমে নির্বাচনে ভোট চুরি করা হয়েছে। তাঁর দাবি, নির্বাচনের পর ভোটার তালিকা থেকে ১৫ শতাংশ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, ওই নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া ও বিজেপি নেতৃত্বাধীন এনডিএর মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ৩ শতাংশ।

রাহুল গান্ধী বলেন, 'জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।' নির্বাচন কমিশনের তথ্যই তাঁর অভিযোগের পক্ষে কথা বলছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, 'ভারতের প্রতিটি নাগরিক ও তরুণকে বলছি, জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। তাঁকে কারাগারে যেতে হবে।' 

বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধেও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ করেন রাহুল। তাঁর দাবি, শিক্ষা থেকে শুরু করে তদন্তকারী সংস্থা—সব ক্ষেত্রেই সংগঠনটি প্রভাব বিস্তার করছে। এর ফলে কৃষক, শ্রমিক ও তরুণেরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

ভারতের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে নিজের ভাবনার কথা তুলে ধরে রাহুল বলেন, 'আমরা এমন একটি ভারত চাই, যেখানে শিবের বিয়ের শোভাযাত্রায় যে কেউ যোগ দিতে পারবেন, কাউকে বাধা দেওয়া হবে না।'

তিনি বলেন, 'আমরা গণতন্ত্রের অবসান হতে দেব না, সংবিধান ধ্বংস হতে দেব না। কারও যত অর্থই থাকুক, তিনি সংবিধানের চেয়ে বড় নন। সংবিধানই সবার ওপরে।' 

সমাবেশে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধী দলের নেতাকর্মীরা অংশ নেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত