ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক দুটি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনই পুলিশ সদস্য। রবিবার (১ নভেম্বর) চিকিৎসক ও হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চিকিৎসকেরা জানান, গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে, উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিম অংশে পৃথক হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসে কয়েকজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। গাজা সিটির হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের অভিযোগ, হামাস এক বছর আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পুনরায় অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে। এ কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাসের লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে ইসরায়েল। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো হামলার চেষ্টা করছে না কিংবা অস্ত্রভান্ডার পুনর্গঠন করছে না। বরং ইসরায়েলই গাজা শান্তিচুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছিল। তবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় পুনর্গঠন কার্যক্রম কার্যত থমকে আছে।
বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে উপত্যকার দুই-তৃতীয়াংশের বাইরে অবশিষ্ট এক-তৃতীয়াংশ এলাকায় বসবাস করছেন ২০ লাখের বেশি মানুষের প্রায় সবাই। যুদ্ধবিধ্বস্ত ওই এলাকায় অধিকাংশ মানুষ অস্থায়ী তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে মানবেতর জীবনযাপন করছেন। এলাকাটিও কার্যত হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, এ সময়ে তাদের চার সেনা নিহত হয়েছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। ওই হামলায় দক্ষিণ ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। এরপর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।