ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তলসহ মো. আসাদুজ্জামান টিপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৪ (ময়মনসিংহ) এর কোম্পানি কমান্ডারের কার্যালয় (সিপিএসসি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজ নামের একটি দোকানের পেছনের ফাঁকা জায়গায় অভিযান চালায় এসআরবি-১৪-এর একটি দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে টিপু পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
পরবর্তী সময়ে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে আটক আসাদুজ্জামান টিপু নিজের প্যান্টের ডান পাশে গুঁজে রাখা একটি ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল বের করে দেন। উদ্ধার করা অস্ত্রটির আড়াআড়ি দৈর্ঘ্য ৯ ইঞ্চি ৮ সুতা এবং ব্যারেলের দৈর্ঘ্য ৭ ইঞ্চি। পিস্তলটির গায়ে খোদাই করে ‘TOKYO MARUI MADE IN JAPAN’ ও ‘U.S. ARMY’সহ বিভিন্ন তথ্য লেখা রয়েছে।
উদ্ধার করা অস্ত্রের বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সেটি জব্দ তালিকাভুক্ত করে অভিযানিক দল।
এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের বিশেষায়িত এই এলিট ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা অস্ত্রসহ তাকে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।