চকরিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় রশিদ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় পেছন থেকে আসা ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে তিনি দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার পহরচাঁদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়াকাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদ আহমদ পহরচাঁদা দক্ষিণ পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন রশিদ আহমদ। পথে তিনি রেললাইন ঘেঁষে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আসছিল। শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে তিনি রেললাইন থেকে সরে যেতে পারেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জালাল আহমদ সিকদার বলেন, রশিদ আহমদ শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। সকালে মেয়ের বাড়িতে যাওয়ার পথে রেললাইন ঘেঁষে হাঁটার সময় পেছন থেকে ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত