ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬নং সাব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬নং সাব কমিটির প্রথম বৈঠক সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক ডা. মো. মাহাবুবুর রহমান, এমপি মোহাম্মদ নাজিবুর রহমান এমপি এবং কমিটির সদস্য আখতার হোসেন, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে আউটসোর্সিং এর মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ,স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির জন্য পাঁচজন জুনিয়র কনসালটেন্টের নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নির্ধারণপূর্বক প্রতিবেদন মূল কমিটিতে প্রেরণের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করা হয়। 

সাব কমিটি পাঁচজন জুনিয়র কনসালটান্টকে মন্ত্রণালয় ভিত্তিক পাঁচটি স্থায়ী কমিটিতে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ এবং পরবর্তীতে পদটিতে নিয়োগ নবায়নযোগ্য রাখার বিষয়ে সুপারিশ করে । 

নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তিনজন সংসদ সদস্য, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিব/ পরিচালক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে একজন এক্সটার্নাল এক্সপার্ট নিয়ে নিয়োগ কমিটি গঠনের বিষয়ে সুপারিশ করে সাব কমিটি। 

সাব কমিটি অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা,স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালটেন্ট  নিয়োগের বিষয়ে সুপারিশ করে।

সাব কমিটি এই নিয়োগ প্রক্রিয়া আউটসোর্সিং এর মাধ্যমে সম্পন্ন করার আলোচনার পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের বিদ্যমান নিজস্ব নিয়োগ পদ্ধতিতে নিয়োগ সম্পন্ন করা যায় কিনা সে বিষয়েও আলোচনা করে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত