বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চারবারের চেয়ারম্যান আলহাজ এস.এফ.এ.এম. শাহজাহান।
সোমবার (২ নভেম্বর) হবিগঞ্জ অনুষ্ঠিত কার্য নির্বাহীি কমিটির সভায় তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার এ নির্বাচনের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটিতে নতুন দায়িত্বের সূচনা হলো। নির্বাচনের খবর ছড়িয়ে পড়লে মাধবপুরসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও শুভেচ্ছার বার্তা ছড়িয়ে পড়ে।
আলহাজ এস.এফ.এ.এম. শাহজাহান দীর্ঘদিন ধরে মাধবপুরের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, রক্তদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ায় হবিগঞ্জ জেলা ইউনিটের মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।